নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
- নিহতরা হলেন- মোগরাপাড়া ইউনিয়ন এলাকার মো. ফারুকের দুই জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫)। নিখোঁজ আরেক স্কুলছাত্র একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজরা প্রত্যেকে মোগরাপাড়া এইচজিজিএস. স্মৃতি সরকারি বিদ্যায়য়ের শিক্ষার্থী। তাদের মধ্যকার জমজ দুইভাই আশিকিন ও আরিফিন নবম শ্রেণি এবং আবির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জানা যায়, স্কুল যাবার কথা বলে বাসা থেকে বের হলেও স্কুল না গিয়ে তারা চার বন্ধু একত্রিত হয়ে গোসলের উদ্দেশ্যে মেঘনা নদীতে নামেন। নদীতে নামার কিছুক্ষণের মাথায় একজন পানি থেকে উঠলেও বাকিরা তলিয়ে যান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ইতোমধ্যে আমাদের ডুবুরি দল দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন।