রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদীর রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা এবং একজন কলেজছাত্র। তার বাবা মো. নাছির উদ্দিন একজন অবসরপ্রাপ্ত এএসপি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও নরসিংদী থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে বেড়াতে আসে। দুপুরে ঘোরাঘুরি শেষে তারা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামলে সাদিজ পানিতে নেমে নিখোঁজ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন বলেন, পর্যটক দলটি গোসল করতে নামার পরই এই দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। নদীতে জোয়ারের স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। পরে রাঙামাটি থেকে আসা একটি ডুবুরি দল, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল এবং কাপ্তাই থানা-পুলিশের যৌথ প্রচেষ্টায় বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ স্থান থেকে প্রায় ৪০ ফুট দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও থানার ওসি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।