ইন্টারনেট ব্যবহার করে প্রতারণার (অনলাইন স্ক্যামিং) অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী জালালাবাদ এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে চীন, পাকিস্তান, লাওসসহ বিভিন্ন দেশের ৬৩ নাগরিককে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতভর নগরীর খুলশী থানার জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার চার নম্বর রোডের ভবনটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বিদেশি নাগরিকদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচ জন, নেপালের একজন, ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন। আটক এসব বিদেশি নাগরিকদের মধ্যে ৪১ জন পুরুষ , ২১ জন নারী ও এক শিশু রয়েছে। ভবনটি তল্লাশি করে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মোবাইল জব্দ করা হয়েছে। আটক সবাই অনলাইন স্ক্যামিংয়ের সাথে জড়িত কিনা তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ। 

ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ, ব্যক্তিগত তথ্য, ব্যাংক বা অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের সুবিধা হাতিয়ে নেওয়ার কৌশলই হচ্ছে এই অনলাইন স্ক্যামিং। এদিকে অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে বিপুল পরিমাণ ডিভাইসহ বিদেশি নাগরিক আটকের বিষয়ে বিকালে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিএমপির।